প্রিন্ট এর তারিখ : ২৯ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬
মাদকমুক্ত প্রজন্ম গড়তে শিশুদের মাঠমুখী করার আহ্বান জেলা প্রশাসকের
ফিরোজ হোসেন , সাতক্ষীরা ||
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শারীরিক, মানসিক ও নান্দনিক বিকাশ এবং প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সাতক্ষীরায় জেলা পর্যায়ে ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা) ২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।বুধবার (২৯ এপ্রিল) সকালে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল বিপিএম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার অর্ণব দত্ত। সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু। জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি এম মনিরুল ইসলাম মিনি। সাবেক ফিফা রেফারি তৈয়েব হাসান বাবুসহ বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার বলেন, মাদকের বিষাক্ত ছোবল থেকে বাচ্চাদের রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। শৈশব ও কৈশোরের আনন্দ এবং সুস্থ দেহ-মন গঠনের উদ্যোগ হিসেবেই এই গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।টুর্নামেন্টের উদ্বোধনী দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়:বালিকা বিভাগ থেকে আশাশুনি শরাফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম হাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং বালক বিভাগ থেকে আশাশুনি আনুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম দেবহাটা টাউন শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।উদ্বোধনী অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা, রাজনীতিবিদ, শিক্ষা কর্মকর্তা এবং কয়েকশ শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন। টুর্নামেন্টটি শিক্ষার্থীদের মনোবল বৃদ্ধি ও সহিংসতা দূর করে ভ্রাতৃত্ববোধ তৈরিতে সহায়ক হবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা