প্রিন্ট এর তারিখ : ২৭ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬
ট্রাম্পের কর্মকাণ্ডের কথা মাথায় এলেই তাঁর ভেতরে আগুন জ্বলে ওঠে: হামলাকারী
আন্তর্জাতিক ডেস্ক ||
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের হিলটন হোটেলে হোয়াইট হাউস সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজ ঘিরে গুলির ঘটনায় আটক সন্দেহভাজন হামলাকারীর রেখে যাওয়া বার্তা তদন্ত করছেন কর্মকর্তারা। একজন সম্মানিত শিক্ষক থেকে কীভাবে তিনি সম্ভাব্য হামলাকারীতে পরিণত হলেন, এখন সেই প্রশ্নের উত্তর খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী।
সন্দেহভাজনের নাম কোল টমাস অ্যালেন (৩১)। ক্যালিফোর্নিয়ার টরেন্স শহরের বাসিন্দা অ্যালেন খণ্ডকালীন শিক্ষকতার পাশাপাশি ভিডিও গেম তৈরির কাজ করতেন।
তদন্ত সূত্রে জানা গেছে, হামলার আগে পরিবারের সদস্যদের কাছে একটি বার্তা পাঠান তিনি। সেখানে লেখেন, “আমি যাঁদের বিশ্বাস ভেঙেছি, তাঁদের সবার কাছে ক্ষমা চেয়ে শুরু করছি।”
বার্তায় প্রশাসনের কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করার ইঙ্গিত এবং রাজনৈতিক ক্ষোভের কথাও ছিল। তিনি আরও লেখেন, “আমি ক্ষমা পাওয়ার আশা করি না।”
অ্যালেনের বোন আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছেন, লস অ্যাঞ্জেলেসে বামপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত হওয়ার পর থেকেই তার ভাই উগ্র কথাবার্তা বলতে শুরু করেন। একই সময়ে তিনি আগ্নেয়াস্ত্র কেনেন এবং নিয়মিত শুটিং রেঞ্জে অনুশীলন করতেন।
তদন্তকারীরা জানান, অ্যালেন ট্রেনে করে লস অ্যাঞ্জেলেস থেকে শিকাগো হয়ে ওয়াশিংটন ডিসিতে পৌঁছান। পরে নৈশভোজের আয়োজক হিলটন হোটেলে ওঠেন। সেখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, অ্যালেনের কাছে একটি .38 ক্যালিবার সেমি-অটোমেটিক পিস্তল এবং একটি ১২ গেজ শটগান ছিল। বার্তায় তিনি নিজেকে “ফ্রেন্ডলি ফেডারেল অ্যাসাসিন” বলে উল্লেখ করেন এবং ট্রাম্পবিরোধী মনোভাব প্রকাশ করেন।
স্থানীয় সময় শনিবার রাতে তিনি নৈশভোজের বাইরে নিরাপত্তাবেষ্টনী ভাঙার চেষ্টা করেন। ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ সিএনএনকে জানান, সন্দেহভাজন কয়েক রাউন্ড গুলি ছোড়েন এবং এক সিক্রেট সার্ভিস সদস্য গুলিবিদ্ধ হন। তবে বুলেটপ্রুফ ভেস্ট পরা থাকায় ওই সদস্য প্রাণে বেঁচে যান।
ঘটনার পরপরই অ্যালেনকে আটক করা হয়। প্রেসিডেন্ট ট্রাম্পসহ অন্যান্য নেতাদের পাশের হলরুমে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। তদন্ত চলছে।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা