প্রিন্ট এর তারিখ : ২৫ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬
সাতক্ষীরার কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ১ যুবকের মৃত্যু
ফিরোজ হোসেন , সাতক্ষীরা ||
সাতক্ষীরা শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাইজুল ইসলাম (২০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) বেলা আনুমানিক ১১টার দিকে শহরের একটি হোটেলে কর্মরত অবস্থায় এই দুর্ঘটনা ঘটে।নিহত তাইজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণপুর ইউনিয়নের মুকুন্দ মধুসূদনপুর গ্রামের রফিকুল ইসলামের (খোকন) ছোট ছেলে। তিনি জীবিকার তাগিদে সাতক্ষীরা শহরের একটি হোটেলে কাজ করতেন।পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে কর্মস্থলে কাজ করার সময় বৈদ্যুতিক তারের শর্ট সার্কিট থেকে তাইজুল গুরুতর আহত হন। তাৎক্ষণিক সহকর্মী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।বেলা ১২টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ নিহতের বড় ভাই তাসকিমকে ফোনে বিষয়টি নিশ্চিত করে। খবর পেয়ে তাসকিম ও তার বাবা রফিকুল ইসলাম দ্রুত হাসপাতালে ছুটে যান। ছোট ভাইকে হারিয়ে পরিবারটিতে এখন শোকের মাতম চলছে। কর্মচঞ্চল এক যুবকের এমন অকাল মৃত্যুতে নিহতের গ্রাম মুকুন্দ মধুসূদনপুরেও শোকের ছায়া নেমে এসেছে।এদিকে, বারবার এ ধরনের দুর্ঘটনা রোধে শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও জনবহুল এলাকায় বিদ্যুৎ সংযোগ ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা মনে করছেন, নিয়মিত তদারকি ও সচেতনতা থাকলে এমন প্রাণহানি এড়ানো সম্ভব।মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া শেষে জানাজা ও দাফনের বিষয়টি পরবর্তীতে পারিবারিকভাবে জানানো হবে বলে জানা গেছে।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা