প্রিন্ট এর তারিখ : ২৪ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬
একসঙ্গে দেশের প্রেক্ষাগৃহেও মুক্তি পেল ‘মাইকেল’
বিনোদন ডেস্ক ||
বিশ্ব সংগীতের অবিসংবাদিত সম্রাট মাইকেল জ্যাকসনের অগণিত ভক্তের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল। আজ শুক্রবার (২৪ এপ্রিল) আন্তর্জাতিকভাবে মুক্তি পেয়েছে পপ সম্রাটের জীবনীনির্ভর বহুল প্রতিক্ষীত সিনেমা ‘মাইকেল’। বিশ্বমুক্তির সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও আজ থেকে প্রদর্শিত হচ্ছে চলচ্চিত্রটি।বাংলাদেশের দর্শকদের জন্য আনন্দের খবর হলো, জনপ্রিয় মাল্টিপ্লেক্স স্টার সিনেপ্লেক্সের প্রায় সবগুলো শাখাতেই সিনেমাটির শো রাখা হয়েছে। স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও মার্কেটিং বিভাগের এজিএম মেসবাহ উদ্দিন আহমেদ জানান, মাইকেল জ্যাকসনের আকাশচুম্বী জনপ্রিয়তার কারণে বাংলাদেশেও সিনেমাটি নিয়ে ব্যাপক সাড়া তৈরি হয়েছে। অগ্রিম টিকিট বিক্রিতেও লক্ষ্য করা গেছে দর্শকদের প্রবল আগ্রহ।কোটি মানুষের হৃদয়ে গেঁথে থাকা মাইকেল জ্যাকসনের জীবনের উত্থান-পতন, সংগ্রাম এবং সংগীত জগতের রোমাঞ্চকর যাত্রা নিয়ে নির্মিত হয়েছে এই বায়োপিক। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন খ্যাতনামা নির্মাতা অ্যান্টনি ফুকো। মাইকেলের শৈশব থেকে শুরু করে বিশ্বমঞ্চ কাঁপানো তারকা হয়ে ওঠার পেছনের গল্পগুলো নিখুঁতভাবে পর্দায় ফুটিয়ে তুলেছেন তিনি।সিনেমাটির সবচেয়ে বড় আকর্ষণ হলো মূল চরিত্রে অভিনয় করেছেন মাইকেল জ্যাকসনের আপন ভাতিজা জাফর জ্যাকসন। সম্প্রতি জার্মানির বার্লিনে সিনেমাটির জাঁকজমকপূর্ণ প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। সেখানে জাফরের লুক, কণ্ঠস্বর, নাচের শৈলী এবং শারীরিক ভাষা দেখে দর্শক ও সমালোচকরা মুগ্ধ হয়েছেন। অনেকেই মনে করছেন, পর্দার মাইকেল হয়ে উঠতে জাফর নিজেকে পুরোপুরি সঁপে দিয়েছেন।জাফর ছাড়াও এই সিনেমায় বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন একঝাঁক প্রতিভাবান অভিনয়শিল্পী। যাদের মধ্যে রয়েছেন, মাইলস টেলার, কোলম্যান ডোমিঙ্গো, ক্যাট গ্রাহাম, লরা হ্যারিয়ার, জুলিয়ানো ক্রু ভ্যালদি।মাইকেল জ্যাকসন কেবল একজন গায়কই ছিলেন না, তিনি ছিলেন এক বৈশ্বিক আইকন। তাঁর জীবনের না বলা কথাগুলো বড় পর্দায় দেখার জন্য এখন প্রস্তুত সারা বিশ্বের দর্শক। বাংলাদেশের প্রেক্ষাগৃহগুলোতেও সপ্তাহজুড়ে ‘মাইকেল’ ঝড় চলবে বলে ধারণা করা হচ্ছে।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা