প্রিন্ট এর তারিখ : ২৩ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬
জাবিতে ছাত্রদলের ‘গুপ্ত’ গ্রাফিতি আঁকা কর্মসূচি অনুষ্ঠিত
নাফিজ আল জাকারিয়া, জাবি ||
চট্টগ্রাম সিটি কলেজে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদল নেতা-কর্মীদের ওপর ইসলামী ছাত্রশিবিরের হামলার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ও দেয়ালে 'গুপ্ত' গ্রাফিতি জাতীয়তাবাদী ছাত্রদল জাবি শাখার নেতা-কর্মীরা।জানা যায়, গতকাল চট্টগ্রাম সিটি কলেজে একটি দেয়াললিখনে থাকা ‘ছাত্র’ শব্দটি মুছে সেখানে ‘গুপ্ত’ শব্দটি লেখাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে তা সংঘর্ষে রূপ নিলে কয়েকজন আহত হন। এরই প্রতিবাদে বুধবার (২২ এপ্রিল) জাবি ক্যাম্পাসে ছাত্রদলের নেতা-কর্মীরা বটতলা সড়ক, শহীদ সালাম-বরকত হল, সমাজবিজ্ঞান অনুষদ ও ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) সংলগ্ন দেয়াল এবং পরিবহন চত্বরসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে 'গুপ্ত' গ্রাফিতি আঁকেন।কর্মসূচিতে অংশ নিয়ে জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. রুবেল বলেন, “শিবির দীর্ঘদিন ধরে গুপ্ত রাজনীতি করে আসছে। বর্তমান এই সময়ে সংগঠনটির উন্মুক্তভাবে রাজনীতি করা উচিত।”এ সময় তিনি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছাত্রশিবিরের অতীত ও বর্তমান কমিটির তালিকা প্রকাশের দাবি জানান। রুবেল আরও বলেন, “যত দিন তারা গুপ্ত রাজনীতি ত্যাগ না করবে, তত দিন আমরা তাদের ‘গুপ্ত শিবির’ বলেই আখ্যায়িত করব।”শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, “শিবিরের গুপ্ত রাজনৈতিক কর্মকাণ্ড একটি প্রতিষ্ঠিত বাস্তবতা।” চট্টগ্রাম সিটি কলেজে 'গুপ্ত' শব্দসংবলিত দেয়াললিখনকে কেন্দ্র করে ছাত্রদল নেতা-কর্মীদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে শিবির হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি। এই হামলার প্রতিবাদেই জাবি ক্যাম্পাসের বিভিন্ন স্থানে এই গ্রাফিতি কর্মসূচি পালন করা হয়েছে বলে জানান এই ছাত্রদল নেতা।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা