প্রিন্ট এর তারিখ : ২১ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬
অ্যাপলের পরবর্তী সিইও হলেন জন টারনাস
নিউজ ডেস্ক ||
আইফোন নির্মাতা বিশ্বখ্যাত প্রযুক্তিপ্রতিষ্ঠান অ্যাপলের পরবর্তী প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে জন টারনাস এর নাম ঘোষণা করা হয়েছে। তিনি বর্তমান সিইও টিম কুক এর উত্তরসূরি হিসেবে দায়িত্ব নেবেন। সোমবার(২০ এপ্রিল) প্রতিষ্ঠানটির এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।বিবৃতিতে বলা হয়েছে, আগামী ১ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন টারনাস। তবে টিম কুক সিইও পদ ছাড়লেও প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যান হিসেবে যুক্ত থাকবেন। কুকের প্রায় ১৫ বছরের নেতৃত্বে অ্যাপলের বাজারমূল্য প্রায় ৩ লাখ ৬০ হাজার কোটি ডলার বৃদ্ধি পেয়েছে।বর্তমানে টারনাস অ্যাপলের হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০০১ সালে অ্যাপলে যোগ দেওয়া এই নির্বাহী ম্যাক কম্পিউটারের জনপ্রিয়তা পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এছাড়া আইপ্যাড এবং এয়ারপডস এর মতো জনপ্রিয় পণ্যের উন্নয়নেও তাঁর অবদান রয়েছে।প্রযুক্তি বিশ্লেষকদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে পিছিয়ে পড়া অ্যাপলের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সময়ের নেতৃত্ব পরিবর্তন। বর্তমানে এআই প্রতিযোগিতায় ওপেন এআই এর চ্যাট জিপিটি অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান এগিয়ে রয়েছে।অ্যাপলের জন্য বড় চ্যালেঞ্জ হবে তাদের সবচেয়ে সফল পণ্য আইফোনের উন্নত এআই প্রযুক্তি সংযোজন করা। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি সম্প্রতি গুগল এর সঙ্গে ‘জেমিনি’ এআই ব্যবহারের একটি চুক্তিও করেছে, যা অ্যাপলের ভার্চ্যুয়াল সহকারী সিরি-কে আরও উন্নত করতে সহায়তা করবে।প্রযুক্তি পরামর্শক প্রতিষ্ঠান টেকনালিসিস রিসার্চের প্রধান বব ও’ডোনেল বলেন, “টারনাসের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে অ্যাপলের জন্য উন্নত মানের এআই সেবা নিশ্চিত করা, যেখানে অন্যের ওপর নির্ভরতা কমিয়ে নিজেদের সক্ষমতা বাড়াতে হবে।”এদিকে বাজারমূল্যের দিক থেকে অ্যাপলকে টপকে শীর্ষে উঠে এসেছে চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া। পাশাপাশি মেটা এর মতো প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে প্রতিযোগিতাও বাড়ছে।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা