প্রিন্ট এর তারিখ : ২০ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬
আলোচনায় অংশ নিতে যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া শর্ত
আন্তর্জাতিক ডেস্ক ||
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত রোববার জানিয়েছিলেন, ইরানের সঙ্গে আলোচনায় অংশ নিতে তাঁর প্রতিনিধি দল পাকিস্তানে যাচ্ছে। আজ সোমবার বা আগামীকাল মঙ্গলবার সেই আলোচনা হতে পারে বলেও খবর ছিল। তবে ইরান তাদের দুটি মূল দাবিতে অনড় অবস্থান নিয়েছে। দেশটি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনাকে ‘যুদ্ধক্ষেত্রের ধারাবাহিকতা’ হিসেবেই দেখছে এবং লেবাননে যুদ্ধবিরতি ও জব্দ সম্পদ মুক্তির দাবিতে অটল রয়েছে।ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি আল জাজিরাকে জানান, তেহরান এখনো তাদের পূর্বশর্তে অটল। তিনি বলেন, লেবানন ইস্যু এবং জব্দ করা সম্পদ মুক্তির বিষয়টি ইরানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।তিনি সতর্ক করে বলেন, এসব শর্ত মানা না হলে এর পরিণতি ভালো হবে না। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি এমন কোনো পদক্ষেপ নেয় যা ‘রেজিস্ট্যান্স ফ্রন্ট’-এর স্বার্থের বিরুদ্ধে যায় বা পূর্ব প্রতিশ্রুতি ভঙ্গ করে, তাহলে তা ইরানের পূর্বশর্ত প্রত্যাখ্যানের শামিল হবে এবং এর প্রভাব পড়বে।আজিজি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের অবস্থান সম্পূর্ণভাবে জাতীয় স্বার্থ ও নিরাপত্তার ভিত্তিতে নির্ধারিত হচ্ছে। ইসলামাবাদে সম্ভাব্য আলোচনায় অংশ নেওয়ার বিষয়টি নির্ভর করছে ইতিবাচক সংকেতের ওপর।তিনি আলোচনাকে ‘যুদ্ধক্ষেত্রের সম্প্রসারণ’ হিসেবে উল্লেখ করে বলেন, এটি তখনই অর্থবহ হবে, যখন তা ইরানের অর্জনগুলোকে ধরে রাখতে সহায়তা করবে। তবে যুক্তরাষ্ট্র যদি এটিকে চাপ প্রয়োগের কৌশল হিসেবে ব্যবহার করতে চায়, তাহলে তা গ্রহণযোগ্য হবে না।ইরান আলোচনায় আগ্রহী হলেও ‘যেকোনো মূল্যে’ নয় বলে জানান তিনি। দেশটি তাদের নির্ধারিত ‘রেড লাইন’ বা চূড়ান্ত সীমা স্পষ্ট করেছে এবং সেগুলো অবশ্যই মানতে হবে বলে জোর দেন আজিজি।ইসলামাবাদে প্রতিনিধি দল পাঠানো হবে কি না এ প্রশ্নে তিনি ইঙ্গিত দেন, তেহরান ইতিবাচক বার্তা পেলে তবেই সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা