প্রিন্ট এর তারিখ : ০৩ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬
জনদুর্ভোগ যাচাইয়ে পেট্রলপাম্প পরিদর্শনে জামায়াতে আমির
নিউজ ডেস্ক ||
যাঁরা মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করেন, তাঁদের আয় আগের তুলনায় অনেক কমে গেছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির আমির শফিকুর রহমান।তিনি বলেন, 'যারা বাইক চালিয়ে সংসার চালায়, আগে যেখানে দেড়-দুই হাজার টাকা আয় করত, এখন সেটা নেমে ৫০০-৬০০ টাকায় এসেছে।' শনিবার সকালে ঢাকার আসাদ গেটে একটি পেট্রলপাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। জনদুর্ভোগ আছে কি না তা সরেজমিনে বোঝার জন্যই তিনি এই পরিদর্শনে গিয়েছিলেন বলে জানান। এ সময় তার সঙ্গে ছিলেন দলের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর নেতারা।জ্বালানি তেলের বাজার অস্থিতিশীলতার কারণে নিত্যপণ্যের দাম বেড়ে গেছে উল্লেখ করে শফিকুর রহমান বলেন, 'পরিবহন ব্যয় ও চাঁদাবাজির খরচ বাড়ায় সাধারণ মানুষের ওপর চাপ তৈরি হয়েছে।' তিনি আরও দাবি করেন, 'আন্তর্জাতিক সংঘাতের প্রভাব ও দেশের জ্বালানি সংকট নিয়ে সরকার সঠিক তথ্য দিচ্ছে না।' পেট্রলপাম্পের পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, 'অনেক মোটরসাইকেলচালককে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে সীমিত পরিমাণ তেল নিতে হচ্ছে, যা তাদের দৈনন্দিন জীবনকে কঠিন করে তুলছে।' পরিস্থিতির সমাধানে স্বচ্ছ তথ্য প্রকাশ ও বাস্তবভিত্তিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বিরোধীদলীয় নেতা।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা