প্রিন্ট এর তারিখ : ১৮ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬
চুয়াডাঙ্গায় কনস্টেবল নিয়োগ পরীক্ষা শুরু ১৮ এপ্রিল, প্রস্তুতি সম্পন্ন
মোঃ মিনারুল ইসলাম, চুয়াডাঙ্গা ||
"চাকরি নয়, সেবা"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গা জেলায় বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এই নিয়োগ প্রক্রিয়াকে শতভাগ স্বচ্ছ, নিরপেক্ষ এবং প্রভাবমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে জেলা পুলিশ।নিয়োগ কার্যক্রম উপলক্ষে শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে পুলিশ লাইন্স ড্রিলশেডে কর্তব্যরত অফিসার ও ফোর্সদের এক বিশেষ ব্রিফিং অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান।ব্রিফিংয়ে পুলিশ সুপার স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, "নিয়োগ কার্যক্রমে কোনো প্রকার শিথিলতা বা অনিয়ম বরদাস্ত করা হবে না। যদি কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, অবৈধ সহযোগিতা বা স্বজনপ্রীতির অভিযোগ প্রমাণিত হয়, তবে তার বিরুদ্ধে ফৌজদারি মামলাসহ বিভাগীয় কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।"নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার প্রার্থীদের উদ্দেশ্যে জোরালো বার্তা দিয়ে বলেন, "শুধুমাত্র তারাই পুলিশে যোগ দেবে যারা নিজেদের যোগ্যতায় উত্তীর্ণ হবে। কোনো প্রতারক বা দালাল চক্রের প্রলোভনে পা দেবেন না। মেধা ও শারীরিক যোগ্যতাই এখানে একমাত্র মানদণ্ড।" তিনি জানান, শারীরিক পরীক্ষায় যোগ্যরা লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নেবেন এবং সেরারাই চূড়ান্ত সুপারিশ পাবেন।আগামী ১৮, ১৯ ও ২০ এপ্রিল ২০২৬ তারিখ প্রতিদিন সকাল ০৮:০০ ঘটিকা হতে চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে শারীরিক মাপ ও 'ফিজিক্যাল এনডিউরেন্স টেস্ট' (পিইটি) অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের জন্য বিশেষ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে:প্রবেশ সময়: নারী ও পুরুষ প্রার্থীদের পৃথক লাইনে সকাল ০৮:০০ টার পূর্বেই মাঠে প্রবেশ করতে হবে।নিষিদ্ধ সামগ্রী: প্রয়োজনীয় কাগজপত্র ও কলম ছাড়া কোনো ব্যাগ বা মোবাইল ফোন সাথে রাখা যাবে না। এসব সরঞ্জাম নির্ধারিত জায়গায় জমা রাখতে হবে।ব্রিফিং সেশনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিনহাজ-উল-ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জামাল আল নাসের এবং সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) অনির্বাণ দাস, মো. সোয়েব আহমেদ ও হিমন বিশ্বাস।চুয়াডাঙ্গা জেলা পুলিশের এই নিশ্ছিদ্র প্রস্তুতি ও স্বচ্ছতার অঙ্গীকার সাধারণ মানুষ ও চাকরিপ্রত্যাশীদের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে। কোনো প্রকার অবৈধ লেনদেন বা তদবিরের সুযোগ নেই—এই বার্তাটিই এখন পুরো জেলায় ছড়িয়ে দেওয়া হচ্ছে।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা