প্রিন্ট এর তারিখ : ২১ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬
ফজর ও জোহরের সুন্নত ছুটে গেলে আদায়ের নিয়ম
নিউজ ডেস্ক ||
দৈনন্দিন পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে ফজর ও জোহরের ফরজের আগের সুন্নতে মুয়াক্কাদা অত্যন্ত গুরুত্ব বহন করে। তবে অনেক সময় অনিচ্ছাকৃতভাবে বা সময়ের অভাবে এই সুন্নত পড়ার আগেই ফরজের জামাত শুরু হয়ে যায়। এমতাবস্থায় ফরজের পর ওই সুন্নত কখন আদায় করবেন, তা নিয়ে সাধারণ মুসুল্লিদের মধ্যে প্রায়ই বিভ্রান্তি দেখা দেয়। হাদিসের আলোকে আলেমগণ এই বিষয়ে স্পষ্ট নির্দেশনা দিয়েছেন।ফজরের সুন্নতে মুয়াক্কাদা যদি ফরজের আগে পড়া সম্ভব না হয়, তবে ফরজের পরপরই তা আদায় করা যাবে না। এমনকি সূর্যোদয়ের আগে সময় হাতে থাকলেও ওই সময় নামাজ পড়া নিষিদ্ধ।হাদিস শরিফে রাসুলুল্লাহ (সা.) ফজরের ফরজের পর থেকে সূর্যোদয় পর্যন্ত এবং আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত যে কোনো নফল বা সুন্নত নামাজ পড়তে নিষেধ করেছেন (সহিহ বুখারি, হাদিস: ৫৮৮)।অন্য একটি হাদিসে আবু হুরায়রা (রা.) বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, "যে ব্যক্তি ফজরের দুই রাকাত সুন্নত পড়েনি, সে যেন সূর্যোদয়ের পর তা পড়ে নেয়।" (জামে তিরমিজি, হাদিস: ৪২৩)। অর্থাৎ, ফজরের সুন্নত ছুটে গেলে সূর্যোদয়ের পর (ইশরাকের সময়) তা কাজা করে নিতে হবে।জোহরের ফরজের পূর্বের চার রাকাত সুন্নত যদি আগে পড়া সম্ভব না হয়, তবে তা ফরজের পরে আদায় করার সুযোগ রয়েছে। এক্ষেত্রে নিয়ম হলো—প্রথমে জোহরের ফরজ শেষ করা, এরপর ফরজের পরের দুই রাকাত সুন্নত পড়া এবং সবশেষে ছুটে যাওয়া আগের চার রাকাত সুন্নত আদায় করা। তবে এটি অবশ্যই জোহরের ওয়াক্ত শেষ হওয়ার আগেই করতে হবে।উম্মুল মুমিনিন আয়েশা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, "রাসুলুল্লাহ (সা.) জোহরের পূর্বে চার রাকাত সুন্নত আদায় করতে না পারলে জোহরের পর তা আদায় করতেন।" (জামে তিরমিজি, হাদিস: ৪২৬)।ইসলামী ফিকহ শাস্ত্রের নিয়ম অনুযায়ী, একমাত্র ফজরের সুন্নত ছাড়া অন্য কোনো ওয়াক্তের সুন্নত (যেমন জোহর বা মাগরিবের সুন্নত) ওয়াক্ত শেষ হয়ে যাওয়ার পর আর কাজা করা যায় না। তাই সুন্নতে মুয়াক্কাদার সওয়াব হাসিলে মুসুল্লিদের ওয়াক্ত থাকতেই সচেতন হওয়া জরুরি।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা