প্রিন্ট এর তারিখ : ১৬ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬
জজের সিল-স্বাক্ষর জাল, চক্রের মূল হোতা গ্রেপ্তার
জসিম আহামেদ, ভালুকা ||
ময়মনসিংহের ভালুকায় সিনিয়র সিভিল জজের স্বাক্ষর ও সরকারি সিল জালিয়াতি করে জমি জবরদখল এবং হয়রানির অভিযোগে এক সংঘবদ্ধ জালিয়াত চক্রের মূল হোতা হাজী রমজান আলীকে গ্রেফতার করেছে ভালুকা মডেল থানার পুলিশ।উপজেলার জামিরদিয়া মৌজার এসএ ১৫০ নং দাগে ৪৩ শতাংশ জমি নিয়ে স্থানীয় জৈন উদ্দিন গং এবং বিবাদী হাজী রমজান আলী ও জালাল উদ্দিনের মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলছিল। এই বিরোধ বর্তমানে আদালতে বিচারাধীন। অভিযোগ উঠেছে, মামলার এই সুযোগকে কাজে লাগিয়ে বিবাদী পক্ষ একটি নজিরবিহীন জালিয়াতির আশ্রয় নেয়।বিবাদী পক্ষ ময়মনসিংহ জেলা লিগ্যাল এইড অফিসের সিনিয়র সিভিল জজ সাইফুল ইসলামের নাম ও স্বাক্ষর ব্যবহার করে একটি ভুয়া ‘স্থিতাবস্থা’ বা আদেশনামা তৈরি করে। তারা কেবল স্বাক্ষরই নয়, অফিসের সরকারি সিলটিও হুবহু নকল করে। এই জাল আদেশ কপি নিয়ে বিবাদী পক্ষ বিরোধপূর্ণ জমিতে সাইনবোর্ড টাঙানোর চেষ্টা করে।বিবাদী পক্ষ যখন ওই ভুয়া আদেশের কপি নিয়ে ভালুকা মডেল থানার এসআই মোশাররফ হোসেনকে সাথে নিয়ে বিরোধপূর্ণ জমিতে উপস্থিত হয়, তখন ভুক্তভোগীদের মনে সন্দেহ জাগে। তাৎক্ষণিকভাবে তারা লিগ্যাল এইড অফিসে যোগাযোগ করলে কর্তৃপক্ষ নিশ্চিত করে যে, ওই দপ্তর থেকে এমন কোনো আদেশ ইস্যু করা হয়নি। অর্থাৎ, সরকারি নথিপত্র হুবহু নকল করে এই প্রতারণা করা হয়েছে।জালিয়াতির প্রমাণ পাওয়ায় ভুক্তভোগী জৈন উদ্দিনের ছেলে সুজন মিয়া বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি মামলা (মামলা নং-২০, তারিখ: ১০.০৪.২০২৬) দায়ের করেন। মামলার পর পুলিশ বিশেষ অভিযান চালিয়ে চক্রের মূল হোতা ও ১ নম্বর আসামি হাজী রমজান আলীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে।"হাজী রমজান আলী কোর্টের ওই অর্ডার কপি নিয়ে এমনভাবে জালিয়াতি করবে তা ভাবতেও অবাক লাগছে।"মোশারফ হোসেন, এসআই, ভালুকা মডেল থানা।ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহিদুল ইসলাম জানান, "এ ঘটনায় দুইজনের নাম উল্লেখসহ আরও কয়েকজনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যে মূল পরিকল্পনাকারী রমজান আলীকে গ্রেফতার করা হয়েছে এবং অন্য আসামি জালাল উদ্দিনকে গ্রেফতারের চেষ্টা চলছে।"
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা