প্রিন্ট এর তারিখ : ১৪ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৬
নতুন বছরে জাতিকে এগিয়ে নেওয়ার প্রত্যাশা স্বাস্থ্যমন্ত্রীর
বাকি বিল্লাহ, নরসিংদী ||
নব প্রভাতের আলোয় সমৃদ্ধ আগামীর স্বপ্নে বিভোর হয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন বকুল ব্যক্ত করেছেন তাঁর দৃঢ় প্রত্যাশা। তিনি বলেন, নতুন বছরের এই মাহেন্দ্রক্ষণে আমাদের লক্ষ্য—জাতিকে প্রগতির পথে এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া। আজ কৃষকের হাতে তুলে দেওয়া হচ্ছে অধিকারের 'কৃষক কার্ড', আর জনকল্যাণের সেই ধারায় আগামী জুনের মধ্যেই প্রতিটি নাগরিকের দোরগোড়ায় পৌঁছে যাবে পরম আকাঙ্ক্ষিত ‘হেলথ কার্ড’। সেবার এই নতুন দিগন্ত উন্মোচনের মধ্য দিয়ে একটি সুস্থ ও সবল জাতি গঠনের পথে আমরা দৃঢ়ভাবে অগ্রসর হচ্ছি।মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ চত্বরে বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত লোকজ মেলা উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।মন্ত্রী বলেন, জনগণের কল্যাণে বর্তমান সরকার কৃষি ঋণ মওকুফ, দুস্থদের জন্য বিশেষ বরাদ্দ, টিআর-কাবিখা এবং খাল খননসহ নানা উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করেছে। স্বাস্থ্য খাতের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে আগামী অর্থবছরের বাজেটে এ খাতে বরাদ্দ আরও বৃদ্ধি করা হবে।হাম প্রাদুর্ভাবের বিষয়ে মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের ৩০টি উপজেলা ও সিটি কর্পোরেশনগুলোতে জরুরি ভিত্তিতে হামের ভ্যাকসিন প্রদান করা হচ্ছে। আগামী ২০ এপ্রিল থেকে সারাদেশে একযোগে শিশুদের হামের টিকা ও ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। তিনি আরও বলেন, "আমরা ইতিমধ্যে হামের গতিরোধ করতে সক্ষম হয়েছি এবং মৃত্যু হারও কমেছে। আশা করছি আগামী দুই সপ্তাহের মধ্যে হাম পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসবে।"এর আগে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পরিষদ চত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রায় স্বাস্থ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজিব মিয়া, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দুলনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিএনপি নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।শোভাযাত্রা শেষে মন্ত্রী দিনব্যাপী আয়োজিত লোকজ মেলার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করেন।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা