প্রিন্ট এর তারিখ : ১৩ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬
৩ জনকে কুপিয়ে ভবন থেকে লাফিয়ে আত্মহত্যা পুলিশ সদস্যের
হাবিবুর রহমান নাহিদ , লক্ষ্মীপুর ||
লক্ষ্মীপুর পৌর শহরে এক ভয়াবহ ও চাঞ্চল্যকর ঘটনায় নিজের ছেলেসহ তিনজনকে কুপিয়ে জখম করার পর ভবন থেকে লাফিয়ে পড়ে মারা গেছেন অবসরপ্রাপ্ত এক পুলিশ কনস্টেবল। সোমবার (১৩ এপ্রিল ২০২৬) সকালে শহরের বাঞ্চানগর এলাকার পেশকার বাড়িতে এই ঘটনা ঘটে।নিহত নাছির আহমদ (৫৫) চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার পূর্ব এখলাশপুর গ্রামের বাসিন্দা। তিনি গত বছরের আগস্ট মাসে ট্রাফিক পুলিশ কনস্টেবল হিসেবে অবসর গ্রহণ করেন। গত কয়েক বছর ধরে তিনি লক্ষ্মীপুর শহরে পরিবারসহ ভাড়া বাসায় বসবাস করছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোরে বাসায় নাছির আহমদ ও তার ছোট ছেলে কলেজ ছাত্র ইমরান আহমেদ ছিলেন। পরিবারের অন্য সদস্যরা গ্রামের বাড়িতে অবস্থান করছিলেন। ভোরের দিকে হঠাৎ করেই নাছির আহমদ তার ছেলেকে দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করেন। প্রাণ বাঁচাতে ইমরান চিৎকার করে ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন। এসময় প্রতিবেশীরা তাকে উদ্ধার করতে এগিয়ে এলে নাছির আহমদ ক্ষিপ্ত হয়ে তাদের ওপরও হামলা চালান এবং আরও দুইজনকে কুপিয়ে জখম করেন। এরপর তিনি দ্রুত ভবনের ৩ তলার ছাদে উঠে নিচে লাফিয়ে পড়েন।স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে নাছির আহমদের মৃত্যু হয়। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে।লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) জানান, আহত ৪ জনকে হাসপাতালে আনা হয়েছিল, যার মধ্যে চিকিৎসাধীন অবস্থায় নাছির আহমদের মৃত্যু হয়েছে। বাকিদের চিকিৎসা চলছে।লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জানান, "প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। যার ফলে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছেন। পুরো বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে দেখা হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।"
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা