প্রিন্ট এর তারিখ : ১০ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ এপ্রিল ২০২৬
কবে নাগাদ স্বাভাবিক হবে জ্বালানির দাম, যা বলছেন বিশেষজ্ঞরা
নিউজ ডেস্ক ||
যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানের মধ্যে বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতি ঘোষিত হলেও বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম যুদ্ধপূর্ব অবস্থায় ফিরে আসা নিয়ে শঙ্কা কাটছে না। জ্বালানি বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, বাজার স্থিতিশীল হতে আরও দীর্ঘ সময় লাগতে পারে। তাদের মতে, পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালি’ দিয়ে পণ্যবাহী জাহাজের নিয়মিত ও নিরাপদ চলাচল নিশ্চিত না হওয়া পর্যন্ত এই সংকট কাটবে না।বিশ্বের মোট তেল রপ্তানির প্রায় ২০ শতাংশ সম্পন্ন হয় এই হরমুজ প্রণালি দিয়ে। যুদ্ধের জেরে ইরান এই গুরুত্বপূর্ণ জলপথটি বন্ধ করে দেওয়ায় বিশ্ববাজারে জ্বালানির দাম আকাশচুম্বী হয়ে ওঠে। তুফটস ইউনিভার্সিটির মেরিটাইম স্টাডিজের অধ্যাপক রকফোর্ড উইটজ আল জাজিরাকে জানান, স্বাভাবিক সময়ে প্রতিদিন এই প্রণালি দিয়ে ১২০ থেকে ১৪০টি জাহাজ চলাচল করলেও পরিস্থিতি কতটা ভয়াবহ তা বোঝা যায় সাম্প্রতিক পরিসংখ্যানে। গত বুধবার (৮ এপ্রিল) মাত্র পাঁচটি এবং বৃহস্পতিবার (৯ এপ্রিল) মাত্র সাতটি জাহাজ এই পথ পার হয়েছে।বিশ্লেষকরা বলছেন, কেবল যুদ্ধবিরতিই যথেষ্ট নয়। জ্বালানি অবকাঠামোয় আক্রমণ এবং বীমা খরচ (Insurance cost) অস্বাভাবিক বেড়ে যাওয়ায় সংকট আরও ঘনীভূত হয়েছে। উইচিটা স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক উষা হ্যালি জানান, ইরাকের মতো অনেক দেশ স্টোরেজ সংকটের কারণে উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হয়েছিল। এই উৎপাদন পুনরায় পূর্ণমাত্রায় চালু করতে কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত সময় লেগে যেতে পারে। বিশেষ করে এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) সরবরাহ স্বাভাবিক হতে অন্তত ৩ থেকে ৬ মাস সময় লাগবে বলে তিনি ধারণা করছেন।এদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা সতর্ক করেছেন যে, এই যুদ্ধের প্রভাবে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধির হার ৩.৩ শতাংশ থেকে আরও নিচে নেমে যেতে পারে।সেন্টার ফর এ নিউ আমেরিকান সিকিউরিটির সিনিয়র ফেলো র্যাচেল জিয়েম্বা মনে করেন, বর্তমান যুদ্ধবিরতি কতদিন স্থায়ী হয় এবং এটি কোনো দীর্ঘমেয়াদী চুক্তিতে রূপ নেয় কি না, তার ওপরই জ্বালানি বাজারের ভবিষ্যৎ নির্ভর করছে। সরবরাহ ঝুঁকি পুরোপুরি না কাটা পর্যন্ত বিশ্ববাজারে তেলের দাম যুদ্ধপূর্ব সময়ের চেয়ে বেশি থাকার প্রবল সম্ভাবনা রয়েছে।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা