প্রিন্ট এর তারিখ : ০৪ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬
থানায় রাহুলের মৃত্যুর বিচার চাইলেন টলি তারকারা
||
জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জির আকস্মিক মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে ওপার বাংলার চলচ্চিত্র অঙ্গন। অভিনেতার মৃত্যুর পেছনে চরম অবহেলার অভিযোগ তুলে শনিবার দুপুরে কলকাতার রিজেন্ট পার্ক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ‘আর্টিস্ট ফোরাম’। এই ঘটনায় অভিযুক্ত করা হয়েছে প্রখ্যাত চিত্রনাট্যকার লীনা গাঙ্গুলীর প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’-কে।শনিবার দুপুর আড়াইটার দিকে কলকাতার রিজেন্ট পার্ক থানায় হাজির হন টলিউডের একঝাঁক শীর্ষ তারকা। উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি, ঋতুপর্ণা সেনগুপ্ত, চিরঞ্জিত চক্রবর্তী ও শান্তিলাল মুখার্জিসহ জ্যেষ্ঠ অভিনয়শিল্পীরা। এ সময় প্রয়াত অভিনেতার স্ত্রী অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারও তাদের সঙ্গে ছিলেন।গত ২৯ মার্চ ওড়িশার তালসারিতে ‘ভোলবাবা পার কারেগা’ ধারাবাহিকের শুটিং চলাকালীন সমুদ্রে ডুবে মৃত্যু হয় রাহুলের। অভিযোগ উঠেছে, প্রযোজনা সংস্থাটি পুলিশের অনুমতি ছাড়াই সেখানে শুটিং করছিল এবং অভিনেতাদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় কোনো ব্যবস্থা রাখা হয়নি। এই চরম অব্যবস্থাপনার কারণেই অকালে প্রাণ হারাতে হয়েছে রাহুলকে—এমনটাই দাবি আর্টিস্ট ফোরামের।থানা থেকে বেরিয়ে অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি সংবাদমাধ্যমকে বলেন: “রাহুলের মৃত্যু আমাদের সবার জন্য এক বিশাল ধাক্কা। আমরা কেবল সত্যটা জানতে চাই। আইনি সব দিক খতিয়ে দেখতে আমাদের কিছুটা সময় লেগেছে। রাহুলের ছেলে সহজ যেন বড় হয়ে অন্তত জানতে পারে তার বাবার সাথে আসলে কী ঘটেছিল এবং আমরা তার পাশে ছিলাম।”ফোরামের সভাপতি শান্তিলাল মুখার্জি জানান, প্রযোজনা সংস্থার কাছ থেকে দুর্ঘটনার বিষয়ে সন্তোষজনক কোনো উত্তর না পেয়েই তারা আইনি পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন। শুটিং সেটে অভিনয়শিল্পীদের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতে আরও কঠোর হওয়ার হুঁশিয়ারি দেন তিনি।এদিকে রাহুলের স্মরণে শনিবার বিকেলে একটি শোক পদযাত্রার আয়োজন করা হয়েছে। জনপ্রিয় এই অভিনেতার মৃত্যুকে কেন্দ্র করে টলিউডে এখন শোক ও ক্ষোভের আবহ বিরাজ করছে। অভিনয়শিল্পীদের দাবি, যথাযথ তদন্তের মাধ্যমে এই ঘটনার পেছনের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা