প্রিন্ট এর তারিখ : ০৪ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬
ক্যাবরেরার মেয়াদ শেষ ৩০ এপ্রিল, নতুন কোচ খুঁজছে বাফুফে
নিউজ ডেস্ক ||
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের স্প্যানিশ হেড কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার চুক্তি আগামী ৩০ এপ্রিল শেষ হচ্ছে। চার বছরের বেশি সময় দায়িত্ব পালন করলেও প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় তার বিদায়ের দাবি জোরালো হয়েছে ফুটবলাঙ্গনে।আজ জাতীয় দল কমিটির সভায় কোচের চুক্তি ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়েছে। সভা শেষে বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু বলেন, “৩০ এপ্রিল পর্যন্ত তার মেয়াদ রয়েছে। এই সময়ের মধ্যে আমরা ভালো কোচের সিভি খুঁজব। চাইলে সেও (ক্যাবরেরা) আবেদন করতে পারে। সাক্ষাৎকার নিয়ে যোগ্য প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে।”চার বছর দায়িত্বে থাকাকালে খেলোয়াড় নির্বাচন, কৌশল নির্ধারণসহ নানা বিষয়ে সমালোচনায় পড়েছেন ক্যাবরেরা। ফুটবল সংশ্লিষ্টদের মতে, তার কাছ থেকে জাতীয় দলের আর তেমন কিছু পাওয়ার নেই। তবে আনুষ্ঠানিকভাবে বিদায় না দিয়ে তাকে আবারও আবেদন করার সুযোগ রাখায় পুরো প্রক্রিয়া নিয়ে কিছুটা ধোঁয়াশা তৈরি হয়েছে।এ প্রসঙ্গে বাবু বলেন, “আমরা তাকে আলাদা করে সুযোগ দিচ্ছি না। সে চাইলে আবেদন করতে পারে। আবেদন করলে অন্যদের মতোই সাক্ষাৎকার প্রক্রিয়া পার হতে হবে।”জাতীয় দলের হেড কোচের পাশাপাশি গোলরক্ষক কোচ নিয়োগের পরিকল্পনাও করছে বাফুফে। এ বিষয়ে বাবু জানান, হেড কোচের মতো গোলরক্ষক কোচও দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হতে পারে এবং একই প্রক্রিয়ায় নির্বাচন করা হবে।অন্যদিকে, জুনের প্রথম সপ্তাহে ফিফা উইন্ডো সামনে রেখে জাতীয় দলের প্রস্তুতি নিয়েও আলোচনা হয়েছে। মালদ্বীপে চার জাতির টুর্নামেন্ট কিংবা থাইল্যান্ড সফর, দুটি বিকল্প নিয়েই কাজ চলছে বলে জানিয়েছেন বাফুফে কর্মকর্তারা।এ বিষয়ে চেয়ারম্যান বাবু বলেন, “জুন উইন্ডোতে বাংলাদেশ দল খেলবে, এটা নিশ্চিত”।ক্যাবরেরার চুক্তি শেষ হওয়ার পর নতুন কোচ নিয়োগ না হলে সাময়িকভাবে তাকেই রাখা হতে পারে এমন গুঞ্জনও রয়েছে ফুটবল মহলে।
এদিকে, জাতীয় দল কমিটির সভায় গোলরক্ষক জিকোসহ কয়েকজন খেলোয়াড়কে ক্যাম্পে না ডাকায় কোচের সমালোচনা করেন সদস্যরা। একাধিক সদস্য ক্যাবরেরার কর্মকাণ্ডকে ‘বিতর্কিত’ বলেও মন্তব্য করেছেন। তবুও এখনো আনুষ্ঠানিকভাবে তার অধ্যায়ের ইতি টানা হয়নি।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা