এতিম শিশুদের সঙ্গে ইফতার করলেন জুবাইদা রহমান ও জাইমা রহমান
ছবিঃ সংগৃহীত

পবিত্র রমজান মাসের প্রথম দিনে রাজধানীতে এতিম শিক্ষার্থীদের সঙ্গে ইফতার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সহধর্মিণী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান


বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর পশ্চিম ভাষানটেক এলাকার একটি মাদ্রাসায় গিয়ে তারা এতিম শিক্ষার্থীদের সঙ্গে ইফতার করেন এবং তাদের খোঁজখবর নেন।


বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, জুবাইদা রহমান ও জাইমা রহমান পশ্চিম ভাষানটেকের জামিয়া কুরবানিয়া তালিমিয়া দাওরা হাদিস মহিলা মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের সঙ্গে ইফতার করেন। ইফতারের আগে তারা এতিমদের সঙ্গে কথা বলেন এবং তাদের কুশল বিনিময় করেন।


প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য। এই আসনের কড়াইল বস্তি ও ভাসানটেক এলাকায় অবস্থিত ১৪টি এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসায় পুরো রমজান মাসজুড়ে ইফতার, রাতের খাবার ও সেহরি সরবরাহ করবে স্থানীয় বিএনপি।


উল্লেখ্য, প্রতি বছর রমজানের প্রথম দিনে এতিম ও উলামা-মাশায়েখদের নিয়ে ইফতার আয়োজন করতেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও কেন্দ্রীয় নেতারা। তবে এবার সে ধরনের কোনো আনুষ্ঠানিক ইফতার আয়োজন হয়নি।